সুনামগঞ্জে নতুন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

নিহতেরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০)।

Location :

Sunamganj
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু |নয়া দিগন্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। তবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে দুজনের। আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদকে (২৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঈদের এক সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কিনেন। সেই মোটরসাইকেলে করে রোববার দুই বন্ধুকে নিয়ে জেলার তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র শিমুল বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় যাওয়ার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, তিনজনের মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অন্য দুজনের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়। আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. অলি উল্লাহ বলেন, গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।