কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

দুই গেটম্যান বরখাস্ত, তিনটি তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

Location :

Cumilla

কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অপরটি কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে গঠিত এই তিন কমিটিকেই।

রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা তদন্তে কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তার মধ্যে একটি বিভাগীয় এবং অপরটি জোনাল। ৬ জন করে দুটি কমিটিতে ১২ জনকে সদস্য করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সব তথ্য জানিয়েছেন।

বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আনিসুর রহমানকে। অন্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চট্টগ্রাম) আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার (চট্টগ্রাম) ডা. তাহামিনা ইয়াছমিন এবং কমান্ড্যান্ট, আরএনবি (চট্টগ্রাম) মো. শহীদ উল্লাহ।

অপরদিকে জোনাল কমিটির আহ্বায়ক করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে। কমিটির অন্যরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) জহিরুল ইসলাম।

এদিকে রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত দুই গেটম্যান হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন।

চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সাথে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন করে গেটম্যান দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা দুর্ঘটনার সঠিক কারণ বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ লাশ করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।