জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত একটি ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ছয় বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন এবং বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ভাসমান সেতুটিতে ভিড় করেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে এবং অনেকেই নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সবশেষ রাত সাড়ে ৯টার দিকে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আর কেউ নিখোঁজ নেই বলে জানা গেছে।



