নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, এবারের ঈদে লঞ্চযাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেয়া হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা- তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। ডেক ও কেবিনে কোথাও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে সৎভাবে দায়িত্ব পালন করছি। জনগণই আমাদের কাজের মূল্যায়ন করবে।’
নৌ প্রতিমন্ত্রী জানান, ‘ঘাটে লঞ্চের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। কোনো জাহাজে অতিরিক্ত যাত্রী নেয়া বা যাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
টার্মিনাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি লঞ্চের পেছনে আরেকটি ভেড়ানো বন্ধে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে যাত্রীদের ওঠানামা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।’
তিনি আরো বলেন, ‘ঈদযাত্রায় লঞ্চঘাটগুলোতে অনাকাঙ্ক্ষিত ভিড় বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। নৌকা থেকে লঞ্চে ওঠার ঝুঁকিপূর্ণ প্রবণতা নিরুৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।’
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



