কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে ৭জন পুরুষ,২ জন শিশু ও ৩জন মহিলা।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মামুন স্পেশাল পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি।
পরিদর্শক সাইফুল বলেন, রাত ৩টার কিছু আগে তারা ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আরো কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বলেন, হতাহতদের হাসপাতালে আনা হয় ভোর রাত ৪টার দিকে। ১২ জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত নিহতদের পরিচয় জানা যায়নি।



