লৌহজংয়ে গণপিটুনিতে ২ যুবক নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৬

গতকাল বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরির অভিযোগে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সাগর (৩০) ও ছানারুল (২৪) নামে দুই যুবক গুরুতর আহত হন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গ্রেফতার ছয় আসামি
গ্রেফতার ছয় আসামি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে নিহত ছানারুলের মা রোকসানা বেগম লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নয়জনকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত পরিচয় আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম।

এদিকে এ ঘটনার পর থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত জেলা ও থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান থেকে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি মো: মনিরুল ইসলাম।

গ্রেফতার ছয়জন হলেন— ফেরদৌস মাতবর (৩৬), শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০), আ: আউয়াল শেখ (২৬) ও জাহাঙ্গীর (৩০)। তাদের সবার বাড়ি লৌহজং উপজেলার বিভিন্ন গ্রামে।

গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরির অভিযোগে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সাগর (৩০) ও ছানারুল (২৪) নামে দুই যুবক গুরুতর আহত হন। একপর্যায়ে সকালে তাদেরকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।