মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে জমির পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো— ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদরাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), একই গ্রামের আশিক আলীর ছেলে ও মাদরাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) ও একই গ্রামের শাহেব আলীর ছেলে স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭)।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে ভরে যায়। ঝড়-বৃষ্টি শেষে বিকেলে ৩টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের কৃষি জমির পানিতে খেলতে নামে। এ সময় সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নামলে তিন শিশুই পানিতে ডুবে যায়।
এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডা: মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে শিশুর স্বজনরা তাদের বাড়িতে নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে। যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবারের সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



