বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত নয়টি বগি উদ্ধারে কাজ করছে দু’টি রিলিফ ট্রেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন দু’টি ঘটনাস্থলে পৌঁছায়।
বর্তমানে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ চলমান রয়েছে। আজ (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী ও পাকশী থেকে দু’টি রিলিফ ট্রেন আনা হয়েছে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। যতদ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
এর আগে, একইদিন দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী ৭৬৫ আপ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক ট্রেনযাত্রী আহত হন।
ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের লোকোমাস্টার (চালক) পলাতক রয়েছেন। ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর সান্তাহার-পার্বতীপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নীলফামারী, ঠাঁকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের যাত্রীদের জন্য ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
সূত্র : বাসস



