স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ

চকরিয়ায় অপহৃত ব্যবসায়ীকে বস্তাবন্দী মুমূর্ষু অবস্থায় উদ্ধার

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়তুশ শরফ রোড থেকে ফরিদুল আলম অপহৃত হন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলমকে চিকিৎসা দেয়া হচ্ছে
অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলমকে চিকিৎসা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত ফরিদুল আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশে অপহরণের এক দিন পর বস্তাবন্দী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে পৌর এলাকার মাতামুহুরি সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

তিনি চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার মরহুম মোস্তাক আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়তুশ শরফ রোড থেকে ফরিদুল আলম অপহৃত হন। পরে রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছওয়ানুল করিম জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই তিনি প্রশাসনকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে মাতামুহুরি সেতুর নিচ থেকে বস্তাবন্দী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বস্তাবন্দী পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। চকরিয়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা দেখভাল করছেন। তদন্ত অব্যাহত রয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরাধীদের গ্রেফতারে পুলিশের টিম অভিযান চালিয়ে যাচ্ছে।’