প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সিলেটে র‌্যাবের হাতে আটক ২

অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন এবং বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (এপিএস) পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণার মূলহোতা কামরুল হাসান হিমেলকে (৩২) গ্রেফতার করা হয়।

তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাগৃহাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার (৩ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক, আর্টিলারি। রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে আসছিল। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে তারা অর্থ হাতিয়ে নিত।

র‌্যাব জানায়, হিমেল প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেন। বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায় করতেন তিনি। প্রতারিতদের কাছ থেকে নেয়া অর্থ নিজের হিসাবে না নিয়ে সহযোগীদের ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন।

হিমেলের দেয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদকেও (৪২) গ্রেফতার করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর থানার ঘাটের চটি গ্রামের আব্দুল বারেকের ছেলে।

অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন এবং বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে মো: কামরুল হাসান হিমেল আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রধানমন্ত্রীর এপিএস, পিও ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিআরও পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত একই রকম প্রতারণা মূলক কর্মকাণ্ড করেছেন মর্মে স্বীকারোক্তি দিয়েছেন।

আইনগত ব্যবস্থা নিতে আটকদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।