সাঁথিয়ায় নির্যাতিত অসহায় মাকে ঘর উপহার

‘গত বছরের ৩০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধা মহিলাকে পুত্র ও পুত্রবধূ দ্বারা নির্যাতনের ঘটনা আমার নজরে আসে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেয়া হয়।’

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
নতুন ঘর পেলেন নিজ সন্তান দ্বারা নির্যাতিত মা
নতুন ঘর পেলেন নিজ সন্তান দ্বারা নির্যাতিত মা |নয়া দিগন্ত গ্রাফিক্স

পাবনার সাঁথিয়ায় নিজ সন্তানের দ্বারা নির্যাতিত অসহায় মা কাঞ্চনমালাকে (৭৫) ঈদ উপলক্ষে ঘর উপহার দিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অসহায় মা কাঞ্চনমালার মেয়ের বাড়িতে নির্মাণ করা ঘর বুঝে দেয়া হয় ওই বৃদ্ধ নারীকে।

এ সময় বৃদ্ধ কাঞ্চনমালা নিজের ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কাঞ্চনমালার মেয়ে বলেন, আমার মায়ের কোনো ঘর ছিল না। সে ছেলের বাড়িতে রোদ-বৃষ্টিতে ভাঙা ঘরে থাকত। এখন তার মাথা গোজার ঠাঁই হলো।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না বলেন, ‘গত বছরের ৩০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধা মহিলাকে পুত্র ও পুত্রবধূ দ্বারা নির্যাতনের ঘটনা আমার নজরে আসে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেয়া হয়। তবে বৃদ্ধা মায়ের থাকার ঘর ছিল জরাজীর্ণ। তখনই আমার মনে হয়েছিল বৃদ্ধা মায়ের জন্য কিছু করা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের বিশেষ টিআর-এর আওতায় তাকে স্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করে দেই। যেখানে সে যতদিন বেঁচে থাকবে ততদিন বসবাস করতে পারবে।’

ঈদ উপলক্ষে উপহারের ঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন ও ধোপাদহ ইউপির ভারপ্রাপ্ত চেযারম্যান সানাউল্লাহ ছানা।