কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যজোটের ইমাম ও উলামা সমাবেশ অনুষ্ঠিত

‘দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেয়ার মাধ্যমেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় ১১ দলের ইমাম ও উলামা সমাবেশে অতিথিবৃন্দ
কুষ্টিয়ায় ১১ দলের ইমাম ও উলামা সমাবেশে অতিথিবৃন্দ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় আলেম সমাজের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়াতুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে এ ‘ইমাম ও উলামা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।

তিনি তার বক্তব্যে বলেন, ‘দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেয়ার মাধ্যমেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।’ তিনি কুষ্টিয়া সদর আসনের সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মোহসীন বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরাম সব সময় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। ১১ দলীয় ঐক্যজোট দেশের মানুষের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আব্দুল লতিফ খান, সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।

সমাবেশে কুষ্টিয়া শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও উলামা বিভাগের স্থানীয় নেতৃবৃন্দসহ শত শত আলেম সমাজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।