মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পলিশা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়ারপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার পলিশা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো: ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়াহেদ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সালমান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষক ও সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খাল পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে এবং এলাকার কৃষকরা সেচ সুবিধা পেয়ে উপকৃত হবেন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


