মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ধানের শীষের সমর্থকরা মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে স্বজনেরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক সমর্থক তাদের বাড়িতে হামলা চালান। হামলায় তার ভাই গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।



