মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্য বলী খেলায় হাজারো দর্শক

‘আমি ২০ বছর ধরে বলী খেলায় অংশগ্রহণ করছি। মিরসরাই উপজেলা ছাড়াও সীতাকুন্ড, ছাগলনাইয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় অন্তত শতাধিক বলী খেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ আবারো বলী খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতেছি।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ঐতিহ্যবাহী বলী খেলা, হাজার হাজার দর্শকের সমাগম
ঐতিহ্যবাহী বলী খেলা, হাজার হাজার দর্শকের সমাগম |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রহমতাবাদ এলাকায় এই বলী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলী খেলায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে বলী খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা।

বলী খেলায় অংশ নেয়া শাহ আলম বলেন, ‘আমি ২০ বছর ধরে বলী খেলায় অংশগ্রহণ করছি। মিরসরাই উপজেলা ছাড়াও সীতাকুন্ড, ছাগলনাইয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় অন্তত শতাধিক বলী খেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ আবারো বলী খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতেছি।’

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে বলী খেলায় অংশ নিতে আসেন মোশারফ। তিনি বলেন, ‘লালদীঘিতে জব্বারের বলী খেলায়ও অংশ নিয়েছি। এবার মিরসরাই উপজেলার রহমতাবাদ এলাকায় আমিসহ চারজন এসেছি। কয়েকটিতে জয়ী হয়েছি।’

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বলী খেলা দেখতে ৩টার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোররা রহমতাবাদ এলাকায় উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন। বলী খেলা দেখতে আসেন পার্শ্ববর্তী জেলা ফেনী ও নোয়াখালীর মানুষজন। বলী খেলার সময় দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে ওঠে।

বলী খেলার আয়োজন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো: শরফু উদ্দীন, যুবদল নেতা দিদারুল আলম, সালাহ উদ্দিন।

বলী খেলা আয়োজক কমিটির অন্যতম শওকত আকবর সোহাগ ও মো: শরফু উদ্দীন বলেন, রহমতাবাদসহ অত্র এলাকায় ঐতিহ্যগতভাবে বলী খেলা চলে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারো শত বছরের গ্রাম-বাংলার জনপ্রিয় এই বলী খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন। জয়ীদের প্রায় কয়েক লাখ টাকার বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।