মানিকগঞ্জে পৃথক দু’টি শিল্প প্রতিষ্ঠানে সঙ্ঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধারসহ আটজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলী এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি (পশ্চিম) মো: রফিকুল ইসলাম ও ওসি (পূর্ব) মো: মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার শিবালয় ও ঘিওর উপজেলায় সঙ্ঘটিত দু’টি বড় ডাকাতির ঘটনায় জড়িত একটি সঙ্ঘবদ্ধ চক্রের সদস্যদের চিহ্নিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার গোয়ালশালী এলাকায় অবস্থিত আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল হামলা চালায়। তারা প্রথমে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেশিনরুমে ঢুকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে ছিল বৈদ্যুতিক তামার তার, কম্পিউটার, নগদ ছয় লাখ টাকা, ৩০টি মোটরসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ— যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকারও বেশি। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রশাসনিক সমন্বয়কারী মো: আতাউর রহমান থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, ২৩ মার্চ ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় সঙ্ঘটিত আরেকটি ডাকাতির ঘটনায় প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় কারখানার পরিচালক মো: মশিউর রহমান রাকিব ২০-২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতার ডাকাতরা হলেন— মো: মাসুদ রানা (৩৪), মো: সাজেদুল ইসলাম ওরফে সাজিদ (৩০), মো: সাগর প্রামানিক (২৭), আক্তার হোসেন (৩৫), মো: আলামিন ওরফে আলা আমিন (৪০), মো: আবু বক্কর সিদ্দিক (৩৫), মো: বিল্লাল হোসেন (৩৫) ও আব্দুস সালাম।
পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে তিনটি পিসি, দু’টি মনিটর, দু’টি হার্ডডিস্ক, হাতুড়ি, ডিজিটাল ক্ল্যাম্প মিটার, হাইড্রোলিক কাটার ও সিলভার বৈদ্যুতিক তারসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলী জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



