মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

Location :

Madaripur
সংগৃহীত

শাহাদাত হোসেন জুয়েল, মাদারীপুর
মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে দুই ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি বাস। মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়ির চালকসহ আহত হয় অন্তত ১৫ জন। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে, আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পরে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ধারণ করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা।’

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘বাস ও ট্রাকের সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’