প্রায় ৭ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির লোকোমেটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ওই রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
ট্রেন যোগযোগ বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেল স্টেশনে যাত্রীদের ভিড়
ট্রেন যোগযোগ বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেল স্টেশনে যাত্রীদের ভিড় |নয়া দিগন্ত

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা পড়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির লোকোমেটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ওই রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের হাজারো ট্রেন যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েন। তারা কুলাউড়া, শমসেরনগর, ভানুগাছ, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েন। বিশেষ করে পর্যটন এলাকা শ্রীমঙ্গলের রেল স্টেশনে পর্যটকসহ বিভিন্ন গন্তেব্যের যাত্রীরা পড়েন বেকায়দায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে লাউয়াছড়ায় আটকা পড়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

তিনি আরো জানান, ঘটনার পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের জন্য শায়েস্তাগঞ্জ থেকে একটি ইঞ্জিন পাঠানো হলে সেটি ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন যুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে যায়। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ট্রেনটি লাইনে পড়ে থাকে।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।’