বিদ্যুৎকেন্দ্রে হাত দিলে ছাড় পাবে না কেউ : হুঁশিয়ারি ইরানের

আইআরজিসি স্পষ্ট করে বলেছে,যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে আঘাত করা হয়, তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে দখলদার ইসরাইলের বিদ্যুৎকেন্দ্র এবং যেসব দেশ আমেরিকান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের কেন্দ্রে হামলা চালাবে।

সৈয়দ মূসা রেজা
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী |সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে যে, যেকোনো হুমকির মুখে তারা এমন পাল্টা ব্যবস্থা নেবে যা শত্রুর মনে স্থায়ী আতঙ্ক ধরিয়ে দেবে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার মিথ্যাবাদী এবং শিশুহত্যাকারী প্রেসিডেন্ট দাবি করেছেন যে, বিপ্লবী গার্ড বাহিনী অঞ্চলের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ধ্বংস করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে চায়। কিন্তু আসল সত্য হলো, আমেরিকান বাহিনীই যুদ্ধ শুরু করেছে এবং কেশম দ্বীপের ডিস্যালিনেশন প্ল্যান্টসহ পাঁচটি পানি সরবরাহ অবকাঠামোতে হামলা চালিয়েছে। আইআরজিসি এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি। বরং আমেরিকান প্রেসিডেন্ট নিজেই ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন, যা হাসপাতাল ও জনসেবামূলক কাজে বিঘ্ন ঘটাবে এবং এটি পুরোপুরি অমানবিক।

আইআরজিসি স্পষ্ট করে বলেছে,যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে আঘাত করা হয়, তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে দখলদার ইসরাইলের বিদ্যুৎকেন্দ্র এবং যেসব দেশ আমেরিকান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের কেন্দ্রে হামলা চালাবে। এমনকি আমেরিকানদের শেয়ার থাকা অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, "আপনারা আমাদের হাসপাতাল, ত্রাণ কেন্দ্র ও স্কুলে হামলা চালিয়েছেন, আমরা তা করিনি; কিন্তু আপনারা যদি বিদ্যুৎকেন্দ্রে হাত দেন, তবে আমরাও আপনাদের বিদ্যুতব্যবস্থা গুঁড়িয়ে দেব।"

আইআরজিসি সতর্ক করে বলেছে যে আমেরিকা এখনো ইরানের সক্ষমতা সম্পর্কে জানে না, যা তারা যুদ্ধের ময়দানেই দেখতে পাবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।