গৌরীপুরে ঝড়ে মাদরাসা ‘লণ্ডভণ্ড’, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা

রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদরাসার হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি ও ছাদ উড়ে যায়। এতে শ্রেণিকক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

ময়মনসিংহ অফিস

Location :

Gauripur
ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদরাসার তিনটি ভবন
ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদরাসার তিনটি ভবন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে একটি মাদরাসার তিনটি শ্রেণিকক্ষের ছাউনি উড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদরাসার হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি ও ছাদ উড়ে যায়। এতে শ্রেণিকক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে মাদরাসা ভবনের উপরের টিনের ছাউনি ছিটকে পড়ে আশপাশে ছড়িয়ে যায়। এতে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হয়নি।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, আগে থেকেই মাদরাসাটিতে শ্রেণিকক্ষ সঙ্কট ছিল। এখন তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া জরুরি।

মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল না থাকায় হঠাৎ মাদরাসাটি মেরামত করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে শতাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা বলেন, বিষয়টি জানা গেছে। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।