রাজধানীর কোতোয়ালীর নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এবং কোতোয়ালী থানা যুবদলের সদস্য।
আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, গত রাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করলে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে যুবদলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।



