মাদারীপুরের শিবচরে লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা এবং পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় তার সাথে ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে শিবচর সেবা ডায়াগনস্টিক সেন্টার, এইচবি হাসপাতাল লিমিটেড, সিটি ডায়াগনস্টিক সেন্টার, শরিফ ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর হলি ফ্যামিলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও হিরাপান্না চক্ষু হাসপাতালসহ মোট সাতটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। একইসাথে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়ম বরদাশত করা হবে না।


