জাজিরায় যাত্রী নামানোর সময় আরেক বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহন নামের একটি বাস নাওডোবা এলাকায় এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা কোটালিপাড়া স্টার এক্সপ্রেস নামের আরেকটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা দেয়।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দু’টি
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দু’টি |নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ সরদার (৩০) নামে এক হেলপার ও একই বাসের সুপার ভাইজার ইউনুস মোল্লা নিহত হয়েছেন।

এ সময় উভয় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের হেলপার আকাশ ঘটনাস্থলেই মারা যান। সুপারভাইজার ইউনুস মোল্লাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ কোটালিপাড়া স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস একই বাসের সুপারভাইজার ছিলেন। তাদের দু’জনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহন নামের একটি বাস নাওডোবা এলাকায় এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা কোটালিপাড়া স্টার এক্সপ্রেস নামের আরেকটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দু’টির সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস

দু’টি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেস সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।