ফটিকছড়িতে খাল খনন উদ্বোধন করলেন এমপি সরোয়ার

‘আমাদের লক্ষ্য ফটিকছড়িকে বিদেশী কোনো শহরের অনুকরণে নয়; বরং স্বকীয়তায় একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা।’

Location :

Fatikchhari
খাল খননের উদ্বোধন করছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর
খাল খননের উদ্বোধন করছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনটি খাল খনন ও দু’টি বক্স কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— নানুপুর ইউনিয়নে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের ফটিকছড়ি খাল খনন, দাঁতমারা ইউনিয়নে চার কিলোমিটার দৈর্ঘ্যের মরাগজারিয়া ও তারাকো খাল খনন ও ভুজপুর ইউনিয়নে দুই কিলোমিটার দৈর্ঘ্যের বারোমাসিয়া খাল খনন। এছাড়া পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রিজ, সোনার খীল সড়কে দু’টি বক্স কালভার্ট ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। বিএডিসির অধীনে এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকারও বেশি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। এটি প্রাকৃতিক জলাধার তৈরির মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রেখেছিল। আজ তারই উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে পুনরায় এই কর্মসূচি শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ফটিকছড়িকে বিদেশী কোনো শহরের অনুকরণে নয়; বরং স্বকীয়তায় একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা।’

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো: ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ও বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া।

এছাড়াও সহকারী প্রকৌশলী তমাল দাস, উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।