মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে অদম্য-২৪ এর উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্লে-কার্ড ব্যবহার করেন।
অদম্য-২৪ এর সদস্য মো: আবিদুল্লাহ আফিফ বলেন, ‘হাদি কোনো রাজনৈতিক দলের নাম না। হাদি হলো পুরো বাংলাদেশের নাম, আপামর জনতার নাম। অন্তর্বর্তী সরকারের সময় আমরা হাদির খুনিদের ধরার জন্য রাজপথে আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি, তা পূরণ করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমাদের লোভ দেখানো হয়, হাদি হত্যার আসামি দিল্লিতে নাকি ধরা পড়েছে। দিল্লিতে ধরা পড়লে বাংলাদেশে আনা হয়নি কেনো? দিল্লিতে কেনো রিমান্ড হবে, রিমান্ড হবে বাংলাদেশে।’
মো: আবিদুল্লাহ আফিফ বলেন, ‘হাদি খুনের সাথে ফয়সাল একা জড়িত নয়, খুনের পেছনে গোটা চক্র জড়িত। আমরা পুরো খুনি চক্রের ফাঁসি চাই। হাদি হত্যার সাথে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অদম্য-২৪ এর মো: মঈন উদ্দিন চৌধুরী ও মো: শিহাব খান প্রমুখ।



