বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সিন্ডিকেটেড আন্দোলন করে বন্দর অচল রেখে রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু নতুন সরকারের যাত্রা শুরুর সাথে সাথেই মাহে রমজানের শুরুতে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ব্রয়লার মুরগি, লেবু, পেঁয়াজসহ বেশকিছু নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। নিত্যপণ্যের দামে সৃষ্ট অস্থিরতায় সপ্তাহের ব্যবধানে কিছুটা পরিবর্তন আসলেও বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়। টিসিবির গাড়ির সামনে লম্বা লাইন ও মানুষের ভোগান্তি কমেনি। তদারকি জোরদার করে সিন্ডিকেটেড চাঁদাবাজি বন্ধ করুন। সরবরাহ ব্যবস্থাকে নির্বিঘ্ন রেখে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বজায় রাখুন।
বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরী জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ডা: একেএম ফজলুল হক, ডা: ছিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।



