মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভাগ্যকূল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীনগরের ভিশন এ্যাম্পেরিয়ামের বিপরীতে অবস্থিত ‘নবাব কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রেস্টুরেন্টের ভেতরে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে রেস্টুরেন্টের আশপাশের দোকানপাট ও সামনের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
আগুনে রেস্টুরেন্টের আসবাবপত্র, সৌন্দর্য বর্ধনের ডেকোরেশন সামগ্রী, কিছু ফার্নিচার এবং রান্নাঘরের অংশ বিশেষ পুড়ে গেছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রেস্টুরেন্টটির মালিক মো: আনোয়ার হোসেন বাবু। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।



