দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে। এ বছরের কাজ অন্য বছর করা যাবে না—সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। সকাল ৯টার মধ্যে সরকারি কর্মচারীদের অফিসে আসতে হবে।’

সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী হওয়ার পর নিজ সংসদীয় আসন নেছারাবাদে এটিই তার প্রথম সরকারি সফর।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, সামাজিক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য সকলের অংশগ্রহণ প্রয়োজন।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এখানে আমার কোনো প্রতিনিধি নেই—প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেয়া হবে না।‘

তিনি অবহেলিত নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনে দেয়া ইশতেহার অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেছারাবাদ সহকারী (ভূমি) রায়হান মাহামুদ, পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুস সাকিব সৌরভ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো: কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাসির উদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ নাপিতখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কাম সাইক্লোন শেল্টারের নতুন ভবনের উদ্বোধন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।