বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, ‘কুরআন মানবজাতির আল্লাহর পক্ষ থেকে একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুসরণ করলেই প্রকৃত ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের সমাজে নৈতিকতার অবক্ষয়, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিস্তার দেখা যাচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কোরআনের আদর্শ ও ইসলামের ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সময়ের দাবি।’
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন জামায়াত উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ বরকতময় মাসেই মহান আল্লাহতায়ালা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কোরআন নাযিল করেছেন। কোরআন এমন এক মহাগ্রন্থ, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয় এবং সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়।’
ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ ও মাস্টার নোমায়ন আলী।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।



