বোয়ালমারীতে গণভোটের পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্যাসহ ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Location :

Boalmari
নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে ‘রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ বলুন’ সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু করে বাজারের বিভিন্ন দোকান ও নানা শ্রেণীপেশার মানুষকে গণভোটে হ্যাঁ এর পক্ষে উদ্বুদ্ধ করতে তারা এসব লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরনের পূর্বে এক সংক্ষিপ্ত পথসভায় ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ্ বলেন, আমরা এ দেশকে একটি ন্যায়, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে কোনো চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, বৈষম্য থাকবে না। যেখানে সকলেই নিজের নাগরিক অধিকার নিয়ে সুখে শান্তি বসবাস করতে পারবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো সংস্কার, ন্যায়ের আকাঙ্খা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন দিন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্রজনতা জীবন দিয়েছে, জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আমরা আর পুরাতন বন্দোবস্ত চাই না। রাষ্ট্রকাঠামো মেরামতে আমরা নতুন বন্দোবস্ত চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ও জুলাই সনদের ওপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, একটি দলের মধ্যে মুনাফেকি আচরণ লক্ষ করা যাচ্ছে। তারা স্টেজে হ্যাঁ ভোটের পক্ষে বললেও বাস্তবে ভোটারদের কাছে গিয়ে না ভোটের আহ্বান করছে। এ দেশের মানুষ এখন আর দ্বিমুখী আচরণ বিশ্বাস করে না। জনগণ সত্যের ও ন্যায়ের পক্ষে মতপ্রকাশ করে হ্যাঁ ভোটকে সমর্থন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্যাসহ ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।