চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমার পানিতে ভাসমান অবস্থায় মাহিন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের পর থেকে মাহিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের একটি নর্দমায় শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বলেন, ‘নিখোঁজের পর থেকেই শিশুটিকে খুঁজছিল পরিবার ও প্রতিবেশীরা। কিন্তু শেষ পর্যন্ত নর্দমা থেকেই তার লাশ উদ্ধার করতে হয়, যা অত্যন্ত হৃদয়বিদারক।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



