রাজবাড়ীতে রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠল লাশ

উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মানদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

রাজবাড়ীতে পদ্মা থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মানদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

লিটন খান সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে যান। এসময় লাশটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেন তিনি। পরে নৌ-পুলিশ এসে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লিটনের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর রিকশা নিয়ে বের হন তিনি। রাত ১০টার দিকে তাকে ফোন দেই। তিনি আর ফোন ধরেন না। রাত ১১টার দিকে আবারো ফোন দেই কিন্তু ফোন রিসিভ করেন না তিনি। এরপর রাত ২টা বেজে যায় তাও তিনি আর বাড়িতে আসেন না। পরে তাকে আবারো ফোন দেয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।