রাজৈরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার |প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে রুমি বেগম (২৯) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে ওই গৃহবধূর নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রুমি বেগম শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী।

জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রুমি বেগমের। পরে তাদের ১২, চার ও তিন বছরের দু’টি মেয়ে ও একটি ছেলেসন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো।

এদিকে রুমির পরিবারের দাবি, রুমির শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য লাশ ঝুলিয়ে রেখেছে।

নিহতের বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে। সে কিভাবে আত্মহত্যা করে। ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।

রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।