টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে আসলাম তালুকদার নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সারপলশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান।
দণ্ডপ্রাপ্ত আসলাম তালুকদার পাথাইলকান্দী গ্রামের মরহুম আব্দুল হাকিম তালুকদারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছিলেন আসলাম তালুকদার। গোপন তথ্যের ভিত্তিতে রোববার মধ্য রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে ভূঞাপুর থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



