সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তবে তিনি গুরুতর আহত হননি। চালকসহ আহত অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রংপুরের কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজমুল বলেন, ‘ঢাকা থেকে কুড়িগ্রামগামী ড. আতিক মুজাহিদকে পরিবহনকারী ব্যক্তিগত গাড়িটি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে আসা রংপুরগামী একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।’
এ ঘটনায় চালক আজাদ এবং আরেকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আল মামুন জানান, এ ঘটনায় কোমর এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন ড. আতিক মুজাহিদ। তিনি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ি কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ির টগরাইহাটের নিজ বাড়িতে অবস্থান করছেন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশ উদ্ধার করে স্থানীয় সুফিয়া তেল পাম্পে রাখা হয়েছে।
ড. আতিক মুজাহিদ এমপি বলেন, ‘আল্লাহর অপার রহমতে বড় ধরণের দুর্ঘটনায় পড়েও বেঁচে আছি। সবার দোয়া কামনা করছি।’



