কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিয়েছেন। পিরোজপুরের উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে মোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছেন বলে জানান তিনি।
বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে মাসুদ সাঈদী বলেন, ‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনোদিন কাউকে খেজুর দেয়নি। আলোচিত এই খেজুর বহুবছর ধরে (আমার জানামতে ৮০-এর দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে আসে। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছি। তারমধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টুন, নাজিরপুর উপজেলা ২৪ কার্টুন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টুন পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘পিরোজপুরের সম্মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে আমি কথা বলেছি। বরাবরের মতো উপজেলা প্রশাসন আমাদের তিনটি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টুন খেজুর অসহায়, দুস্থ মানুষ ও মাদরাসা-এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।’
মাসুদ সাঈদী বলেন, ‘খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে, এমন কোনো খবর আমার জানা নেই। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’



