মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের জমজ দুই ছেলে তওহিক (৪) ও তাওমীদ (৪)।
স্থানীয়রা জানান, রেল লাইনের অপরপাশের দোকানে চকলেট কিনতে যায় তারা। ফেরার পথে রাজবাড়ী থেকে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয়রা আরো জানান, রেললাইনের ওপর দিয়ে চলাচলের রাস্তা রয়েছে, কিন্তু রেল ক্রসিংয়ের কোনো গেইট নেই। এর আগেও একটি শিশু এখানে নিহত হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘ট্রেনে কাটা পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা জানতে পেরে সরেজমিনে গিয়ে রেল-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।’



