মাদারীপুরের শিবচরে একটি ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য জব্দ করা হয় এবং দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের কালাম বেপারীর ছেলে রমজান আলী বেপারী (২০) এবং একই উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)।
শাইখা সুলতানা জানান, শিবচরের বাঁশকান্দিতে একটি কারখানা খুলে দীর্ঘদিন ধরে রং, কেমিক্যাল ও পাউডারের মিশ্রনে শিশুদের খাবার তৈরি করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালতের দল। ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ জুস, আইস ললি, চাটনি, চকলেট, চিপসসহ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। সত্যতা পাওয়ায় আটক করা হয় কারখানার মালিক রমজান আলী বেপারী ও তার সহযোগী রাসেল মোল্লাকে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রমজানকে একমাস ও রাসেলকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং জব্দকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে জনস্বার্থ রক্ষায় নিয়মিত এমন অভিযান পরিচালনার কথাও জানায় ভ্রাম্যমাণ আদালত।



