মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিম্নআয়ের মানুষের জন্য মাত্র ১০ টাকায় এক কেজি গরুর গোস্ত বিক্রির ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে এ আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে ১০ টাকা প্রতীকী মূল্যে গরুর গোস্ত বিক্রি করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গত ছয় বছর ধরে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
মাংস নিতে আসা আয়শা বেগম ও সামিয়া বেগম জানান, ১০ টাকার এখন তেমন কোনো মূল্যই রাখে না। কিন্তু সেই টাকায় এক কেজি গরুর গোস্ত পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ তারা।
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ‘অসহায় মানুষ যেন দানের অনুভূতি না পায়, বরং নিজের অর্থে সম্মানের সাথে কিছু কিনতে পারে—এ চিন্তা থেকেই এমন প্রতীকী মূল্যে মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।’
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগকে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন।



