মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্যদিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দু’জন সংসদ সদস্য শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
অন্যদিকে, জেলার জীবননগর উপজেলা শহরে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রদ্ধা নিবেদনকারীরা।



