ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু ও পাথর উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে বোমা মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই এসব অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়।
শুক্রবার (২০ মার্চ) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার মোল্লার বাজার এলাকায় যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রতি তিস্তা নদীতে একটি প্রভাবশালী অসাধু চক্র বোমা মেশিন ব্যবহার করে প্রকাশ্যে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি, পরিবেশের মারাত্মক ক্ষতি ও এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: সেলিম আলদীনের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সমন্বয়ে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়। উপ-অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ছয়টি বোমা মেশিন, ছয়টি ১২০ ফুট পাইপ, ৩০০টি স্টিল ও প্লাস্টিকের ড্রাম ও ১৯টি লোহার পাথর ছাকনি জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জাতীয় সম্পদ সংরক্ষণে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



