এমপি হানজালা

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় কঠোর নজরদারি রাখা হবে

‘আমি শিবচরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শিবচরটাকে সাজাতে চাই। এখন থেকে আমরা যেনো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারি। সময় এসেছে স্বাধীনভাবে চলার, স্বাধীন মতামত প্রকাশ করার। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা, (ডানে) বক্তব্য রাখছেন হানজালা
নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা, (ডানে) বক্তব্য রাখছেন হানজালা |নয়া দিগন্ত

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদ উদ্দীন আহমাদ হানজালা বলেছেন, ‘পবিত্র রমজান মাস আমাদের জন্য রহমতের বারাকা নিয়ে হাজির হয়েছে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশে বলছি, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় কঠোর নজরদারি রাখা হবে।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের দাম আমাদের জনগণের ক্রয় ক্ষমতার ভেতর রাখুন, দাম বাড়াবেন না। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। শিবচর থেকে মাদক চিরতরে নির্মূল করব, ইনশাআল্লাহ। আমরা শিবচরবাসী সকলে মাদকের বিষয়ে সোচ্চার হব।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর থানা রোডে দলীয় কার্যালয়ে ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি হানজালা বলেন, ‘আমি শিবচরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শিবচরটাকে সাজাতে চাই। এখন থেকে আমরা যেনো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারি। সময় এসেছে স্বাধীনভাবে চলার, স্বাধীন মতামত প্রকাশ করার। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’

শিবচর পৌর বণিক সমিতির সভাপতি আব্দুল হক মুন্সির সভাপতিত্বে ও শিবচর উপজেলা হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ফকির নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাংবাদিকদের সাথে একটি পজিটিভ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সেক্রেটারি হাসান খান, শিবচর পৌরসভার মেয়র প্রার্থী মোফাজ্জেল হোসেন মোল্লা, শিবচর উপজেলা বণিক সমিতির সাবেক সভাপতি লোকমান হোসেন খান, এনসিপির সমন্বয়ক আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খান, ইমনসহ শিবচরের প্রায় ২০ জন সাংবাদিক।

পরিশেষে ব্যবসায়ী নেতারা নবনির্বাচিত এমপি হানজালা সাহেবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।