কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান ও ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু’জন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।



