আখতার হোসেন

উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী হয়েছেন, আমরা আশায় বুক বেঁধেছি

‘আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা উত্তরের মানুষেরা আশায় বুক বেঁধেছি।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে আখতার হোসেন
রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে আখতার হোসেন |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেছেন, ‘আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা উত্তরের মানুষেরা আশায় বুক বেঁধেছি। আমরা মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার কাছে বিনীত কন্ঠে জানাই, উত্তরের মানুষেরা পিছিয়ে আছে। মেগা প্রকল্পগুলো তো করতেই হবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধায় রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আখতার এ সময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘অবশ্যই ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মানুষের বাড়িতে যেন অ্যাম্বুলেন্সটুকু যাইতে পারে, এতটুকু রাস্তা মানুষের প্রাপ্য। সেই প্রাপ্য আদায় করার জন্য আপনার কাছে বিনীত কন্ঠে আমরা জানাই, আপনি উত্তরাঞ্চলের জন্যে এবং গোটা বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন এ আশাবাদ আপনার কাছে আমরা রাখতে চাই।’

পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত, এন সি পি, খেলাফত মজলিস, ডেভেলপমেন্ট পার্টিসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

এনসিপি নেতা আরো বলেন, ‘বিএনপি হারাগেছে যে সন্ত্রাস শুরু করেছে। এখনো পর্যন্ত সেখানকার লোকজন নিরাপদ না। ভরসা একদিকে শাড়ীলুঙ্গি বিতরণ করে, অন্যদিকে তার কর্মীদেরকে দিয়ে মানুষের বাড়িঘরে উৎপাত চালায়। বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোকে তছনছ করে দেয়। আমরা এই হিংসা বিদ্বেষের রাজনীতি চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি উচ্চ কন্ঠে বলতে চাই, আমি যখন এনসিপির তখন আমি এনসিপির। আমি যখন এগারো দলের, তখন আমি এগারো দলের। আমি যখন এমপি, তখন আমি কাউনিয়া পীরগাছার প্রত্যেকটা মানুষের, তখন আমি গোটা বাংলাদেশের।’

আখতার বলেন, ‘আমি অনেকগুলো ওয়াদা দিয়েছি আপনাদের কাছে। আমার যদি সরকারে আসতে পারে নাই, আমার ওয়াদা পরিপালন করার ক্ষেত্রে নানা ধরনের বাধা বিঘ্ন আসতেই পারে। কিন্তু, আপনাদেরকে করা প্রত্যেকটা ওয়াদার জন্য আমার পা বসে থাকবে না। আপনারা যেমন ছুটে ছুটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলা কলির কথা বলেছেন, তেমনিভাবে আমি ছুটে ছুটে গিয়ে, দৌড়ে দৌড়ে গিয়ে সরকারি অফিসে গিয়ে আপনাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা বলব, কাজগুলো আদায় করে নিয়ে আসব, ইনশাল্লাহ।‘

সংবর্ধনা অনুষ্ঠানে ১১ দলীয় জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ বিভিন্ন সমিতি, সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন আখতারকে সারিবদ্ধভাবে ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে ৫ হাজারেরও বেশি মানুষ নিয়ে ইফতার করেন আখতার।