পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী স্থানীয় আব্দুল কাদের কমিউনিটি সেন্টারে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কে এম জুট ফাইবার লিমিটেডের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ৫৪ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন।
গফরগাঁও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম জুট ফাইবার লিমিটেডের চেয়ারম্যান মো: আখতার হোসেন বাবুল।
তিনি তার বক্তব্যে বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মো: আরশাদ হোসেন কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মো: সাজ্জাদ হোসেন পলাশ ও মো: মফিজ উদ্দিন।
এ ছাড়াও আলোকিত গফরগাঁওয়ের পক্ষে সাংবাদিক রোবেল মাহমুদ ও সাংবাদিক রফিকুল ইসলাম খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, গণমাধ্যমকর্মী, হাফেজ শিক্ষার্থী, মাদরাসা শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে তিন বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং কিশোর ও তরুণদের কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সহযোগী হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত গফরগাঁও’ দায়িত্ব পালন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



