মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার সাথে একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খলাপাড়া এলাকার রেহান (২৩) ও রুবেল (২২) এবং কালেঙ্গা গ্রামের অটোরিকশাচালক নুর আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত ভ্যানগাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



