মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে চারজন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পনে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে একটি অভিযানিক দল পৌরসভার চৌমুহনা এলাকার এপেক্স শোরুমের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শহরতলীর সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার পুত্র খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২৮) এবং শান্তিবাগ এলাকার মরহুম আদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০)।
এসময় তাদেরকে তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রামদা, চাকু ও গিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সাথে জড়িত।
অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে ডলুছড়া এলাকার সেলিম মিয়ার পুত্র ছিনতাইকারী শামীম মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। এছাড়া মারামারি সংক্রান্ত একটি মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো: আব্দুল রাজ্জাক নয়া দিগন্তকে বলেন, ‘অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


