সিলেট মহানগর এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী রয়েছেন। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার আসামি আটজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন ও দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় ৬৪৭ বোতল বিদেশী মদ, ১০ পিস ইয়াবা, দুই লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস, ১৫০ কেজি ভারতীয় জিরা ও ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় চশমা উদ্ধার করা হয়। এছাড়া এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় পৃথক অভিযানে আরো ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদকসেবী, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ও ছয়জন হকার রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার ও আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



