বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলার চাপাইনগর বাছিরের বাড়ি থেকে আধাইপুরের শেষ মাথা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় প্রধান অতিথি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। দীর্ঘদিন পর আবারো দেশব্যাপী খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বদলগাছী উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো খাল খনন করা হবে।’
তিনি আরো বলেন, ‘প্রায় ২০ বছর পর এ খালটি পুনঃখনন করা হচ্ছে। এতে এই এলাকার কয়েক হাজার কৃষক কম খরচে জমিতে সেচ দিতে পারবেন এবং ধান-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়বে। ফলে এলাকার কৃষিখাত আরো সমৃদ্ধ হবে।’
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সসহসভাপতি রেজাউন নবী সান্ডু ,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু রায়হান গিটার, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনতারা।



