চাঁদপুরের হাজীগঞ্জে দায়ের করা ধর্ষণ মামলার আসামি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে হাজীগঞ্জ থানার এসআই মো: জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার উত্তর বড়কুল এলাকার মরহুম আলী আশরাফের ছেলে এবং ৬ নম্বর বড়কুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফারজানা আক্তার (২৪) গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় মামলা নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২৩)-এর ৭/৯(১) ধারায় মামলা রুজু হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


